নেত্রকোনার কলমাকান্দায় কর্মক্ষম নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএ (ইএগঊঅ) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, কর্মক্ষম নারী ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে আধুনিক ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিজিএমইএর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় তরুণ-তরুণীদের তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির উদ্যোগে এ ধরনের সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত অংশগ্রহণকারীরা। তাঁরা এ উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতারও আহ্বান জানান।
সভায় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা, প্রশিক্ষণের বিষয়বস্তু, প্রশিক্ষণার্থী নির্বাচন, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসআইসিআইপি-বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী, কো-অর্ডিনেটর জব প্লেসমেন্ট, মো. আশফাকুর রহমান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স এন্ড প্রকৌশল এস. কে. নাজমুল আলম (পলাশ) এবং অফিসার (অ্যাডমিন) মো. সাজেদুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।