খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৪:৪৮ এএম
খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় ঘরের ভেতর ঢ়ুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করেছে। গুলিবিদ্ধ আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল সন্ত্রাসী ইমরানের বাড়িতে যাতায়াত করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমা’র পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে