শ্রীমঙ্গলে

প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা

আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৪ পিএম
প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা
ছবি: FNS

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরতে নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় হোটেল শ্রীমঙ্গল ইন (শাদি মহল)-এর হলরুমে প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (পিএসইউএস) ডিনেটের সহযোগিতায় এ সভার আয়োজন করে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার।
প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রেজাউল কবির লস্করের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ডিনেটের নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় প্রকল্পের পক্ষ থেকে বক্তব্য দেন। প্রকল্পের কার্যক্রম ও শ্রীমঙ্গলের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন পিএসইউএসের উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন।
ডিনেটের নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হলো নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকরভাবে সম্পৃক্ত করা। এ লক্ষ্যে সামাজিক উন্নয়ন সংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণ ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। পাবলিক টাউন হল সভা স্থানীয় জনগণের সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।
সভায় শ্রীমঙ্গল উপজেলার উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও উন্নয়ন অগ্রাধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ জোরদার করা নাগরিক সমন্বয় প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এ সময় তিনি জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় সম্ভাব্য সমাধান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এবং সরকারি সেবা প্রাপ্তির সুযোগ নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের কার্যকর অংশগ্রহণ এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় ২০২৫ সাল থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় নাগরিক সমন্বয় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ এলাকার আশপাশে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনগুলোর (সিবিও) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।

আপনার জেলার সংবাদ পড়তে