রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শনপাপড়ি পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখের অসংগতির কারণে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহানগরীর কুটিরপাড়া, আলমনগর এলাকার মেসার্স স্বাদ শনপাপড়ি প্রতিষ্ঠানে একই ব্যাচের পণ্যের লেবেল বা মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখের সামঞ্জস্য না থাকায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাছিবুল হাসান। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. মুসফিকুর রহমান। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগতমান, সঠিক ওজন ও পরিমাপ এবং মোড়কজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।