পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী ফকিরগঞ্জ বাজারে চলাচলের রাস্তা দখল করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বয়লার মুরগি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তবে প্রশাসনের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীদের পুনরায় রাস্তা দখল করে ব্যাবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ফকিরগঞ্জ বাজারের প্রধান সড়ক ও চলাচলের রাস্তা দখল করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বয়লার মুরগি ও মাংস বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছিল, অন্যদিকে পথচারী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হত। সম্প্রতি এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা জনস্বার্থে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সড়ক দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অপরাধে ৬ জন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তবে সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালতের টিম চলে যাওয়ার পরপরই অভিযুক্ত ব্যবসায়ীরা পুনরায় সড়কের ওপর পসরা সাজিয়ে মুরগি বিক্রি শুরু করেছেন। শুধু মুরগি ব্যবসায়ীই নন, যুগের পর যুগ ধরে বাজারের অন্যান্য কাঁচামাল ব্যবসায়ীরাও রাস্তা দখল করে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, বাজারের প্রধান রাস্তা এভাবে দখল থাকার কারণে স্কুল-কলেজপাগামী ছাত্র-ছাত্রী, রোগী বহনকারী যানসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। প্রায়শই এখানে তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, কেবল সাময়িক জরিমানা নয়; বরং রাস্তা দখলমুক্ত রাখতে এবং জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারি এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।