নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা

কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি

প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ পিএম
কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি
ছবি: FNS

বছরের প্রথম প্রহরে নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠার অপেক্ষায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রায় ৫৬ হাজার শিক্ষার্থী। ২০২৭ শিক্ষাবর্ষের বই বিতরণ সামনে রেখে উপজেলায় চলছে প্রস্তুতি। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৩ লাখ ২১ হাজার ৬৯০ কপি পাঠ্যবই পৌঁছেছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে বই সরবরাহ প্রায় শতভাগ সম্পন্ন হলেও মাধ্যমিক পর্যায়ে এসেছে প্রায় ৭০ শতাংশ। সবচেয়ে উদ্বেগের বিষয়, নবম শ্রেণির কোনো বই এখনও হাতে পায়নি সংশ্লিষ্ট শিক্ষা অফিস। মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে এখনও বাকি রয়েছে ৯১ হাজার ১০০ কপি বই। ফলে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বই পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে রাজারহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চাহিদা অনুযায়ী বই সরবরাহের কার্যক্রম চলছে। আগামী ২৪ ডিসেম্বর বই বিতরণের (৯সম্ভাব্য তারিখ) প্রস্তুতি সামনে রেখে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পাঠানো হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ প্রায় শেষ হলেও মাধ্যমিকের উচ্চতর শ্রেণিগুলোতে বই পৌঁছানোর অগ্রগতি তুলনামূলক কম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি শিশু কল্যাণ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৯২১ জন। এ ছাড়া ৩৪টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থী রয়েছে ৬ হাজার ২৪৪ জন। এসব প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ৯৬ হাজার ৭১০ কপি বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। এর বিপরীতে ইতোমধ্যে পৌঁছেছে ৯৬ হাজার ৫২০ কপি। অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতি মাত্র ১৯০ কপি। সে হিসাবে প্রাথমিক পর্যায়ে বই সরবরাহের অগ্রগতি প্রায় ৯৯ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ হাজার ৬৭০টি বাংলা বই ও খাতা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছেছে। সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ে বই সরবরাহ প্রায় সম্পন্ন হওয়ায় নতুন শিক্ষাবর্ষের শুরুতে পাঠ্যবই বিতরণ নিয়ে আশাবাদী শিক্ষা সংশ্লিষ্টরা।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে বই সরবরাহের চিত্র ভিন্ন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজারহাটে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ হাজার ২৬১ জন, ২৮টি দাখিল মাদরাসায় ৭ হাজার ৪৫০ জন, ২৯টি ইবতেদায়ি মাদরাসায় ৭ হাজার ৩০৩ জন এবং সাতটি কারিগরি বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৫১ হাজার ৮০০ কপি বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। এর বিপরীতে পৌঁছেছে ৯৫ হাজার ৮০০ কপি। এখনও বাকি রয়েছে ৫৬ হাজার কপি।
দাখিল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ৯৯ হাজার ৯০০ কপি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৬৬ হাজার ৩০০ কপি। বাকি রয়েছে ৩৩ হাজার ৬০০ কপি। অন্যদিকে ইবতেদায়ি পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৫৬ হাজার ৯০০ কপি বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে পৌঁছেছে ৫৫ হাজার ৪০০ কপি। এখনও আসেনি ১ হাজার ৫০০ কপি।
শিক্ষা অফিসের দেওয়া হিসাব অনুযায়ী, মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে মোট ৩ লাখ ৮ হাজার ৬০০ কপি বইয়ের চাহিদার বিপরীতে পৌঁছেছে ২ লাখ ১৭ হাজার ৫০০ কপি। অর্থাৎ এসব পর্যায়ে বই সরবরাহের হার প্রায় ৭০ দশমিক ৫ শতাংশ। এখনও বাকি রয়েছে ৯১ হাজার ১০০ কপি বই। এ হিসাবের বাইরে রয়েছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বই।
তবে মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি উদ্বেগ নবম শ্রেণির বই নিয়ে। সংশ্লিষ্ট শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নবম শ্রেণি ও কারিগরি বিদ্যালয়ের কোনো বই এখনও পৌঁছায়নি। ফলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির তুলনায় উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা বেশি। নির্ধারিত সময়ের মধ্যে এসব বই পৌঁছানো না গেলে নতুন শিক্ষাবর্ষের শুরুতে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
শুধু রাজারহাট নয়, জাতীয় পর্যায়েও মাধ্যমিকের উচ্চতর শ্রেণির বই সরবরাহে ধীরগতি দেখা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে প্রাথমিক স্তরের ৯৮ দশমিক ২৪ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৭০ দশমিক ৩১ শতাংশ বই পৌঁছেছে।
শ্রেণিভিত্তিক হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ৯১ দশমিক ৯৭ শতাংশ, সপ্তম শ্রেণিতে ৯৩ দশমিক ৫৪ শতাংশ, অষ্টম শ্রেণিতে ৬২ দশমিক ৮০ শতাংশ এবং নবম-দশম শ্রেণিতে মাত্র ৩০ দশমিক ২২ শতাংশ বই পৌঁছেছে। জাতীয় পর্যায়ের এই পরিসংখ্যানেও মাধ্যমিকের উচ্চতর শ্রেণিতে বই সরবরাহের ধীরগতি স্পষ্ট। বিশেষ করে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ে সব বই সরবরাহ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বইয়ের সংখ্যা ও সরবরাহের পাশাপাশি কাগজ, ছাপা ও বাঁধাইয়ের মান নিয়েও সতর্ক রয়েছেন শিক্ষকরা। বইয়ের বাইরের মোড়ক ও বাঁধাই ভালো থাকলেও ভেতরের পৃষ্ঠা, ছাপা এবং লেখার ভুলত্রুটি যাচাইয়ের সুযোগ এখনও হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
উপজেলার চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর ইসলাম বলেন, “গত বছরের মতো সাদা কাগজে ছাপানো হয়েছে। বইয়ের মোড়কও ভালো রয়েছে। তবে ভেতরে কোনো পাতা বা লেখার সমস্যা রয়েছে কি না, তা ভালোভাবে দেখা সম্ভব হয়নি।”
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম বলেন, “নবম শ্রেণির শিক্ষার্থীদের বই আমড়া পাইনি। দু-একটি ছাড়া অন্য শ্রেণির প্রায় সব বই হাতে পেয়েছি। বইয়ের ওপরের মোড়ক ও বাঁধাই ভালো রয়েছে। তবে ভেতরের ভুলত্রুটিগুলো এখনও যাচাই করা সম্ভব হয়নি।”
রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, “ বৃহস্পতিবার আমাদের এখান থেকে কিছু বই বিতরণ করা হয়েছে। কিন্তু আমড়া এখনও বই হাতে পাইনি। বই পেলে ভালো-মন্দ জানা যাবে।”
রবিবার(১৫নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, নবম শ্রেণির বই ছাড়া মোটামুটি প্রায় সব বই এসেছে। প্রতিদিনই বইয়ের গাড়ি আসছে। তবে বইয়ে ভুল ছাপা কিংবা নিম্নমানের কাগজ ব্যবহারের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অবশিষ্ট বই কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়েও নিশ্চিত করে বলা সম্ভব নয়। বই হাতে পেলেই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে