আ.লীগ নেত্রীকে থানা থেকে ছাড়াতে গিয়ে আলোচনায় ছাত্রদল নেতা

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম
আ.লীগ নেত্রীকে থানা থেকে ছাড়াতে গিয়ে আলোচনায় ছাত্রদল নেতা
ছবি: FNS

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী মহিলালীগ নেত্রীকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে আলোচনায় এসেছেন ছাত্রদল নেতা পরিচয়দানকারী হুমায়ুন কবির সুমন।
তার (সুমন) বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, রাজনৈতিক প্রভাব বিস্তার, মাদক ব্যবসায় সহযোগিতা, কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াসহ একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বরিশাল নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়কের বাসিন্দা সানু ফকিরের স্ত্রী হোসনেয়ারা সুমি দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার (সুমি) বোনের ছেলে হুমায়ুন কবির সুমনও আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আবদুল্লাহর দায়ের করা একটি মামলায় হোসনেয়ারা সুমি এজাহারভুক্ত আসামি। সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, খালার গ্রেপ্তারের খবর পেয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনার উদ্দেশে হুমায়ুন কবির সুমন থানায় গিয়ে অবস্থান নেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে হুমায়ুন কবির সুমন নিজেকে বরিশাল ল' কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তবে সংশ্লিষ্ট কমিটির অস্তিত্ব ও তার পদ-পদবি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দলীয়ভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে সুমন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতা এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রমে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে।
এছাড়া বরিশাল সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় তার নাম রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই কলেজে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুবাদে ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।
একাধিক অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় না নিয়ে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, “অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হুমায়ুন কবির সুমনের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

আপনার জেলার সংবাদ পড়তে