সম্প্রতি অগ্রদূত অনলাইন পোর্টালে ‘মহাসড়কে রাতভর সরকারি অ্যাম্বুলেন্স, চালক আলামিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ ও নেতিবাচক বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, কর্মস্থলে অনুপস্থিতি, রোগী পরিবহনে অসহযোগিতা, মাদক সেবনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের অনেকগুলোই সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
কোনো অভিযোগের যথাযথ প্রমাণ, সংশ্লিষ্ট নথিপত্র এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই না করে একজন সরকারি কর্মচারীর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার মতো সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে আমার পূর্ববর্তী যোগাযোগ ও অর্থ দাবির বিষয়টি রয়েছে। আমার অভিযোগ, অর্থ না দেওয়ার কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কারও কাছে অর্থ দাবি করা এবং দাবি পূরণ না হলে সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে চাপে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে আমি প্রস্তুত।
আমি স্পষ্টভাবে জানাতে চাঁই, আমার দায়িত্ব পালন, সরকারি অ্যাম্বুলেন্সের চলাচল, রোগী পরিবহণ এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে যা প্রমাণিত হবে, তা মেনে নিতে আমি প্রস্তুত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া একপক্ষীয় বক্তব্যের ভিত্তিতে আমাকে অপরাধী হিসেবে উপস্থাপন এবং ব্যক্তিগত সম্মানহানি করার অধিকার কারও নেই।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকের কাছে প্রকাশিত সংবাদের অসত্য ও বিভ্রান্তিকর অংশগুলো যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও প্রতিবাদ প্রকাশের দাবি জানাচ্ছি। একই সঙ্গে অর্থ দাবির অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তেরও আহ্বান জানাচ্ছি। আমি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে নিজের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।