জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:৫৩ পিএম
জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন
ছবি: FNS

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ স্বীকার উপকূলীয় জনপদ খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথি, সদস্য সৌমেন মুন্ডা,সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা সহ রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে। প্রতিনিয়ত নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট বাড়ছে, জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, সেসব সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। বক্তারা মনে করেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে তুলে ধরা জরুরি। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু অর্থায়নে ন্যায্য হিস্যা এবং ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী,যুব প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ও এলাকয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে