রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৭০ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ১৪ নভেম্বর (শনিবার ) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় রাজশাহী রেঞ্জ এলাকায় খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা বা ঘটনা রেকর্ড হয়নি। তবে এই সময়ে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ১টি এবং অন্যান্য খাতে ৫০টিসহ মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অপমৃত্যুর তিনটি ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পরোয়ানা মূলে ৬২ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলায় ৮২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য খাতে ১২ জন রয়েছেন। এছাড়াও, পৃথক অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫৯ পিস ইয়াবা, ৫৮৮ পিস ট্যাপেন্টাডল, ২ কে.জি. ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার ওয়াশ। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি।
রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, সাধারণ মানুষকে নির্বিঘ্নে পুলিশি সেবা প্রদানে তৎপর রয়েছে রেঞ্জ পুলিশ। এ সময়ের মধ্যে মোট ৯০৪ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৭ জনে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশের এই ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।