কামারপাড়ায় কীটনাশক দোকানে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ পিএম
কামারপাড়ায় কীটনাশক দোকানে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
ছবি: FNS

রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে কীটনাশক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অতিরিক্ত দামে বিভিন্ন প্রকার সার বিক্রয়ের অভিযোগ উঠেছে মেসার্স মামুন ট্রেডার্সের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মামুনুর রশীদ সার বিক্রয়ের কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া সার ও জীবসার মজুত ও বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কৃষক ও একাধিক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার পাশা পাশি কৃষকদের জোরপূর্বক সার কিনতে হলে কীটনাশকও কিনতে বাধ্য করা হচ্ছে। কীটনাশক না নিলে সার দেওয়া হচ্ছে না। এতে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি অতিরিক্ত দামে সার বিক্রয়ের অপরাধে একই বাজারের ভাই ভাই ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালতের ১৫ হাজার টাকা জরিমানা ও সার জব্দ করা হয়েছে। অথচ মেসার্স মামুন ট্রেডার্স কীটনাশক দোকানে নিজের ইচ্ছামতো অতিরিক্ত দামে সার বিক্রয় করলেও কোন আইনি প্রদক্ষেপ নেই। বিষয়টি নিয়ে স্থানীয় ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, কৃষি বিভাগের এক শ্রেণির কর্মকর্তাকে ম্যানেজ করেই মেসার্স মামুন ট্রেডার্স এই অবৈধ সার বিক্রয়ের কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী বিসিআইসি অথবা অনুমোদিত ডিলার ব্যতীত বিভিন্ন প্রকার সার পরিবহণ, মজুত বা খোলাবাজারে বিক্রির সুযোগ নেই। অথচ প্রকাশ্যে দিবালোকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সার এনে খোলাবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।
একাধিক সূত্র জানায়, বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে তানোরে বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অনুমোদনপ্রাপ্ত ডিলার ছাড়া কোনো ব্যবসায়ীর সার মজুত বা বিক্রির সুযোগ নেই। অথচ কোনো ধরনের ক্রয় রসিদ ছাড়াই বিভিন্ন এলাকা থেকে সার এনে মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে গিয়ে দেখা যায়, মেসার্স মামুন ট্রেডার্স কীটনাশক দোকানের সাথে সংযুক্ত ঘরে ডিএপি, টিএসপি, এমওপি, ইউরিয়া সার ও জীবসার মজুত করে অতিরিক্ত দামে বিক্রয় করছে। তবে ক্রয় রসিদ না থাকায় এসব সার আসল, নকল নাকি নিম্নমানের তা যাচাইয়ের কোনো উপায় নেই। রসিদ না থাকায় প্রতারিত হলেও কৃষকরা কোনো আইনি প্রতিকার পাচ্ছেন না।
এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুনুর রশীদ অভিযোগ স্বীকার করে বলেন, তার সার বিক্রির লাইসেন্স নেই সত্য, তবে সার ছাড়া কীটনাশক বিক্রি হয় না। তাই বিভিন্ন এলাকা থেকে সার এনে বিক্রি করা হয়। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, উপজেলা কৃষি কর্মকর্তার মৌখিক অনুমতি রয়েছে। তিনি আরও বলেন, যাকে খুশি বলা হোক, তার সার বিক্রি বন্ধ হবে না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের যোগাযোগ করলে তিনি মেসার্স মামুন ট্রেডার্সের বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ রয়েছে। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে