ময়মনসিংহের ত্রিশালে সরকারি গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সম্পূর্ণ স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ১২০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলার ১২টি ইউনিয়নের প্রকৃত দুস্থ ও যোগ্য নারীদের মধ্য থেকে প্রকাশ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের সুপারিশ, তদবির বা অনিয়মের সুযোগ না রেখে সবার উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ১২টি ইউনিয়নের ১২০ জন নারী কর্মী নির্বাচন করা হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার নিশ্চিত হয়েছে।
লটারির মাধ্যমে নির্বাচিত হতে পেরে অনেক নারী আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় সচেতন মহলও এই উন্মুক্ত ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, এমন স্বচ্ছতা সরকারি সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।