চাটমোহরে লুট হওয়া ৪১২ বস্তা সার উদ্ধার

হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
চাটমোহরে লুট হওয়া ৪১২ বস্তা সার উদ্ধার
ছবি: FNS

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ৪১২ বস্তা সার উদ্ধার হয়েছে। যে সকল কৃষক সার নিয়ে গিয়েছিলেন,তাদের অনেকেই সার ফেরত দিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ সার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান,উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষের তদারকিতে স্থানীয় কৃষকদের মাঝে এ পর্যন্ত প্রায় ৩ হাজার বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে সরকারি দামে কৃখদের কাছে সার বিক্রি চলমান রয়েছে। বিক্রিত সারের মধ্যে রয়েছে ইউরিয়া,টিএসপি,ডিএপি ও এমওপি। তবে অনেক কৃষক বিকেল পর্যন্ত ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়ে থেকে সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সার বিপণন সুষ্ঠুভাবে করার জন্য গতকাল শনিবার বিকেলে স্থানীয় ডিলারদের সাথে বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
উল্লেখ্য,গত সোমবার দুপুর ১২টার দিকে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষক উপজেলার ছাইকোলা বাজারের পাশে প্রদীপ পালের সারের গোডাউনে হামলা করে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যায়। এঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়,যারা সার ফেরত দিবেন,তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না। এর পর থেকে এখন পর্যন্ত ৪১২ বস্তা সার ফেরত এসেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত সার ডিলার প্রদীপ পালের ম্যানেজার নিরঞ্জন ঘোষ নিরু বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের নামে চাটমোহর থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় ২ জন কৃষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সার লুটের ঘটনায় পাবনা জেলাপ্রশাসক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেন। কমিটি তদন্ত সম্পন্ন করলেও,এখনও প্রতিবেদন দেয়নি বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে