রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যে সিনেমাগুলো দেখবেন

ডেস্ক রিপোর্ট | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম
রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যে সিনেমাগুলো দেখবেন
ছবি: সংগ্রহীত

ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিনেমা খুঁজছেন? দর্শকদের জন্য এবার রয়েছে রজনীকান্তের রেকর্ড গড়া ‘জেলার ২’ থেকে শুরু করে অধিকার আদায়ের সংগ্রাম, পুলিশি বন্দুকযুদ্ধের বিতর্ক এবং রহস্যময় মহাজাগতিক ঘটনার গল্প। অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি+, নেটফ্লিক্স ও এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে চারটি ভিন্ন স্বাদের সিনেমা।
‘জেলার ২’
আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। আগের সিনেমার সাফল্যের পর সিক্যুয়েলে তাঁকে মোকাবিলা করতে হবে আরও ভয়ংকর এক অপরাধী চক্রের। মূর্তি পাচারকারী এই চক্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পরিবারের নিরাপত্তার জন্য আবারও অস্ত্র হাতে তুলে নেবেন অবসরপ্রাপ্ত কারারক্ষী।
নেলসন দিলীপকুমারের পরিচালনায় সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন মোহনলাল, বিজয় সেতুপতি, শিবরাজকুমার, এস জে সূর্য ও বিদ্যা বালানসহ একঝাঁক তারকা। বক্স অফিসে ৮০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়া সিনেমাটি এখন ঘরে বসেই দেখার সুযোগ রয়েছে।
‘বিইং হিউম্যান’
১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন জুডি হিউম্যান। তাঁর সেই আন্দোলন, ব্যক্তিগত সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াই নিয়ে নির্মিত হয়েছে ‘বিইং হিউম্যান’।
সিনেমাটিতে জুডি হিউম্যানের চরিত্রে অভিনয় করেছেন রুথ মেডলি। সিয়ান হেডারের পরিচালনায় এতে আরও রয়েছেন মার্ক রাফালো ও ডিলান ও’ব্রায়েন। অধিকার আদায়ের আন্দোলন এবং একজন মানুষের ব্যক্তিগত লড়াই উঠে এসেছে সিনেমাটির গল্পে।
‘দায়রা’
কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত ‘দায়রা’ পরিচালনা করেছেন মেঘনা গুলজার। গল্পের কেন্দ্রে রয়েছে বিতর্কিত একটি পুলিশি বন্দুকযুদ্ধ। ঘটনাটি নিয়ে মুখোমুখি হন দুই পুলিশ কর্মকর্তা। তাঁদের একজনের বিশ্বাস, অভিযুক্ত ব্যক্তিদের হত্যা করে পুলিশ ঠিক কাজ করেছে। অন্যজনের দায়িত্ব, সেই বন্দুকযুদ্ধের পেছনের সত্য উদ্‌ঘাটন করা।
২০১৯ সালে ভারতের হায়দরাবাদে ধর্ষণের ঘটনা এবং অভিযুক্ত ব্যক্তিদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছিল এটি।
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
রহস্যময় এক মহাজাগতিক ঘটনার পর ওক স্ট্রিটের একটি পুরো এলাকা অচেনা এক জায়গায় স্থানান্তর হয়ে যায়। পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য এক পরিবারকে একসঙ্গে লড়াই করতে হয়।
বাইরে কী রয়েছে, কেন এমন ঘটনা ঘটল, আর আগের পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি না, এসব প্রশ্ন ঘিরেই এগিয়েছে সিনেমাটির গল্প। ডেভিড রবার্ট মিচেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যান হ্যাথওয়ে, ইওয়ান ম্যাকগ্রেগর ও মেইসি স্টেলা।

আপনার জেলার সংবাদ পড়তে