পাবনার সুজানগরে চলছে জমজমাট মাদকের ব্যাবসা। আর এই মাদকের বলি হচ্ছে যুবসমাজ। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের কতিপয় কমলমতি শিক্ষার্থীরাও মাদকের মরণ ফাঁদে আটকে পড়ছে। কোনভাবেই যেন মাদকের ব্যাবসা প্রতিরোধ করা যাচ্ছেনা। বরং দিন যত যাচ্ছে এ উপজেলায় গাঁজা, ফেনসিডিল এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যাবসা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মাদকসেবীর সংখ্যাও। আগে সমাজের এক শ্রেণির মানুষ গোপনে এবং লোক চক্ষুর অন্তরালে ওই সকল মাদক সেবন করতো। কিন্তু ইদানীং উঠতি বয়সী যুবক এবং শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি পেশার মানুষ প্রকাশ্যে বিশেষ করে ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজা সেবন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন দেশের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ, বাঘা, লালপুর এবং ইশ্বরদীসহ বিভিন্ন এলাকা থেকে এ উপজেলায় জোয়ারের পানির মতো আসছে ফেনসিডিল ও ইয়াবা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে উপজেলার অলিগলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করছে। একাধিক সূত্র জানায়, উপজেলার সাতবাড়ীয়া, আহম্মদপুর, চিনাখড়া, দুলাই, চরগোবিন্দপুর, সাগরকান্দী বাজার, শ্যাম সুন্দরপুর বাজার, খলিলপুর বাজার, নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড, বাঘুলপুর বাজার এবং পৌরসভার মসজিদপাড়া, নন্দিতাপাড়া ও একেনের মোড়সহ ৮/১০টি স্পট ওই সকল মাদকদ্রব্য বিক্রির অন্যতম আস্তানা। পাশাপাশি উপজেলার কিছু চায়ের দোকান এবং ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠানেও পাওয়া যায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য। এলাকার উঠতি বয়সী যুবকদের পাশা-পাশি এক শ্রেণির স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাদকদ্রব্যসেবন করে তাদের সম্ভাবনাময় ভবিষ্যতকে ধবংস করছে। সেই সঙ্গে ওই সকল মাদকসেবীদের দ্বারা এলাকায় সংঘটিত হচ্ছে আইনের পরিপন্থি কর্মকাণ্ড। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পুলিশের মাদকবিরোধী অভিযানে মাঝে মধ্যেই ২/৪জন করে মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।