চাটমোহর উপজেলার ছাইকোলার পর এবার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ বাজার সার নিয়ে বাগবিতন্ডাসহ মারামারির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এসময় কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। শরৎগঞ্জ বাজারের সার ডিলার ইউনুস আলীর লোকজনের সাথে কৃষকের মারামারির এই ঘটনা ঘটে।
জানা গেছে,সার নিতে আসা অসংখ্য কৃষক সকাল থেকে সারের জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অবশেষে সার না পাওয়ায় কৃষকেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ডিলারের লোকজনের সাথে বাগবিতন্ডার একপর্যায়ে মারামরিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কৃষকেরা অভিযোগ করেন,বর্তমানে উপজেলার সর্বত্রই পেঁয়াজ- রসুনসহ রবি শস্য চাষের ভরা মৌসুম। এ সময় কৃষকদের প্রচুর সার প্রয়োজন। কিন্তু কৃষকেরা তাদের চাহিদা অনুসারে সার পাচ্ছেন না। ডিলাররা সারের অতিরিক্ত দাম নিচ্ছেন। দাম বেশি দিয়েও ডিলারের দোকানে সারাদিন অপেক্ষা করে সার মিলছেনা। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের দাম বেশি নিচ্ছে,কালোবাজার সার বিক্রি করা হচ্ছে। এসব কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছেন কৃষক। কৃষক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।