এফএনএস (বরিশাল প্রতিবেদক) :

বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

এফএনএস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ পিএম
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
ছবি: FNS

জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় সুদক্ষ ড্রামার ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশির বাবু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন।
সূত্রমতে, ওই ৩২ শতক জমি নিয়ে মোরেশদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছ্ত্রাদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সাথে তার ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির মোল্লার ওরফে শিশির বাবুর বিরোধের সৃষ্টি হয়।
সূত্রে আরও জানা গেছে, ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুইভাইয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবুকে আহতাবস্থায় তার পরিবারের সদস্যরা প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে ওইদিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পরে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। মৃতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
নিহত বাবুর স্ত্রী এক সন্তানের জননী লিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেছেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পরে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য শিশির বাবুকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিতে বাঁধা প্রদান করে বিপুল। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশু কন্যাকে নিয়ে অসহায়ত্বের কথা প্রকাশ করে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন শুধুই অন্ধকার। অভিযোগের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছ্ত্রাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল ইসলাম বিপুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে