দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খেলোয়াড়দের শারীরিক শক্তি ও সুস্থ মণ গঠনে হা-ডু-ডু খেলা হলো শক্তির এক বড় খোরাক। বর্তমান যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে রক্ষা করতে হলে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টায় মোগলহাট ইউনিয়নের মেঘারাম বাজারের ইটাপোতা উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত মোগলহাট ইউনিয়ন হা-ডু-ডু ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা ও অনলাইন জুয়ার অপকারিতা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, আমাদের তরুণ সমাজ আজ একটি অন্ধকার জগতের দিকে ধাবিত হচ্ছে। অতীতে ঝোপঝাড়ে বা আড়ালে মাদকের আসর বসলেও এখন জুয়া ও বেটিং ঢুকে গেছে সবার ঘরের কোণে ও মুঠোফোনে। অনলাইন জুয়ার কারণে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তি দানা বাঁধছে। অভিভাবকরাও টের পাচ্ছেন না তাদের সন্তান কীভাবে ধ্বংসের মুখে পড়ছে। তিনি আরও যোগ করেন, বর্তমান প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে না পারলে আগামীতে অর্ধেক জনগোষ্ঠী মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই এই সামাজিক অপরাধের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, আজকের এই হা-ডু-ডু খেলায় মাঠে উপচে পড়া হাজারো মানুষের জনস্রোত প্রমাণ করে এটি আমাদের কত প্রিয় ও আনন্দের খেলা। আগামী শীত মৌসুমে ১৮ থেকে ২৫ বছর বয়সসীমা নির্ধারণ করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডুসহ সব ধরনের দেশীয় খেলাধুলার প্রচলন আরও জোরালো করা হবে, যাতে যুবসমাজ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে আসে।
ত্রানমন্ত্রী আরও বলেন, ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর চালুর বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকবার সমীক্ষা চালানো হয়েছে। স্থলবন্দরটি দ্রুত চালু হলে লালমনিরহাটের ব্যাবসা-বাণিজ্যের অভাবনীয় উন্নয়ন ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।
মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী এবং মোগলহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমুখ।