এ বছর বড় ধরণের আলুতে লোকসান, সার সংকট সহ নানা প্রতিকুলতাকে পিছনে ফেলে দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের আলু চাষীরা আলুর জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আলু চাষীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আলুর গাছের জমির গোড়া বেধে দেওয়া, পানি দেওয়, কীটনাশক প্রয়োগ ও সার প্রয়োগ করছেন। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার বলরামপুর, কাজিকাটনা, রুকনপুর, ডাবর, ঘাসিয়ারা, পাহাড়পুর, বাইশপুর, ছাতইল, কাটনা সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের পর গ্রাম, একরের পর একর আলু চাষীরা জমিতে শুধু আলু চাষ। প্রতিদিন কয়েক শত নারী- পুরুষ শ্রমিক ৬ শত থেকে ৭ শত টাকা মুজুরী ভিত্তিতে এ কাজগুলি করছেন। অপরদিকে উপজেলার আগাম আলু চাষ করে কৃষকেরা জমিতে রীতিমত পরিচর্যা করছেন যাতে করে অল্প কয়েকদিনের মধ্যে আগাম জাতের আলুর বাজারজাত করা যায়।
কাহারোল উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ৪৭ হেক্টর আগাম জাতের আলু চাষ করেছে বলে জানিয়েছেন কৃষিবিভাগ। অপরদিকে যারা আগাম আলু চাষ করেছেন দাম নিয়ে শঙ্কায় রয়েছেন। বর্তমানে পুরাতন আলু হিমাগারে বিক্রি হচ্ছে প্রতি কে.জি. ৯ থেকে ১০ টাকা। এবার ডিজেল এর দাম বৃদ্ধি সহ বিভিন্ন কৃষি উপকরণের দাম তুলনামূলক গত বছরের তুলনায় অনেক বেশী। উপজেলার বলরামপুর গ্রামের মো: শহিদুল ইসলাম বলেন, গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার ২ বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছি। অপরদিকে একই গ্রামের জসিম জানান, গত বছর আলু চাষ করে লোকসান হয়েছে তাই এবার লোকসান পুষিয়ে নিতে ৩ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। তবে তিনি আশঙ্কা করছেন দাম নিয়ে। ডাবর গ্রামের আশরাফ আলী বলেন, আমড়া এক একজন ৪ থেকে ৫ বিঘা আলু চাষ করেছি। এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় যাচ্ছে। আশা করছি, এবার আলুর দাম প্রত্যাশিত থাকবে। অন্যান্য ফসলের চাইতে তুলনামূলক আলু চাষে লাভ বেশী। এবার গতবারের তুলনায় আলুর বীজের দাম কম রয়েছে। তিনি আরও বলেন, ১ একর জমিতে আলু বীজ ক্রয়, রোপণ, সার প্রয়োগ, সেঁচ ও শ্রমিক সহ খরচ হয় ১ লক্ষ্য ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ্য ৪০ হাজার টাকা। বাজারে আলু দাম স্বাভাবিক থাকলে খরচ বাদ দিয়ে ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ হয়। গত বছর আলু চাষ করে ক্ষতিগ্রস্ত হলেও আশা করছি এবার ভালো দামে বিক্রি করতে পারব। এখন গাছের যে চেহারা, তাতে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাব বলে আশা করছি। এই বিষয়ে জানতে চাইলে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুর রহমান বলেন, কৃষকেরা আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সবকিছু স্বাভাবিক থাকলে তারা বাম্পার ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন।