রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগ ইতিবাচক। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, খেজুরসহ ১০টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে অর্থ পরিশোধের সুযোগ দেওয়ার ফলে আমদানিকারকদের ওপর তাৎক্ষণিক আর্থিক চাপ কমবে। এতে প্রয়োজনীয় পণ্য আগেভাগে আমদানির সুযোগ তৈরি হবে এবং বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে প্রায় প্রতি বছরই রমজানের আগে কিছু পণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। চাহিদা বাড়ার সুযোগে অসাধু ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরি, মজুতদারি কিংবা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও দেশীয় বাজারে ভোক্তাদের বাড়তি মূল্য গুনতে হয়। এই বাস্তবতায় আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সম্প্রসারণ বাজারে সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তবে শুধু আমদানির সুযোগ বৃদ্ধি করলেই সমস্যার সমাধান হবে না। অতীতে দেখা গেছে, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও খুচরা বাজারে তার প্রতিফলন ঘটেনি। কারণ আমদানি পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পুরো শৃঙ্খলে নজরদারির ঘাটতি ছিল। অনেক সময় পণ্য বন্দরে পৌঁছানোর পরও বাজারে সরবরাহে বিলম্ব, অস্বাভাবিক মজুত বা মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে দাম কমেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোথায় কত পণ্য আমদানি হচ্ছে, কী পরিমাণ বাজারে সরবরাহ করা হচ্ছে এবং কোন পর্যায়ে মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে রমজানে বেশি ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে আগাম বাজার তদারকি জরুরি। আমড়া মনে করি, বাজারে স্থিতিশীলতা আনতে সরবরাহ বৃদ্ধি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন কার্যকর নজরদারি ও জবাবদিহি। আমদানি সুবিধার সুফল যেন ভোক্তারা পান, সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় সুবিধা পাবে কিছু ব্যবসায়ী, কিন্তু সাধারণ মানুষ আগের মতোই উচ্চমূল্যের বোঝা বহন করবে। রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা নয়, স্বস্তি ফিরুক, সেটিই হওয়া উচিত সরকারের লক্ষ্য।