২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ার কতজন খেলোয়াড় ও কোচিং স্টাফ আগে থেকে জানতেন, আট বছর পর সেই প্রশ্নেই নতুন করে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। সাবেক ওপেনার উসমান খাজার দাবি, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটিং কোচ গ্রায়েম হিক এই বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে খাজার দাবির পক্ষে অবস্থান নেওয়া ডেভিড ওয়ার্নার এবার হিকের নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন।
খাজার আত্মজীবনী সবর প্রকাশের পর পুরোনো স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি আবার আলোচনায় আসে। বইটিতে তিনি দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি কেপটাউনের আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিষয়টি শুধু কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ব্যাটার, বোলার ও কোচিং স্টাফ সবাই এর সঙ্গে জড়িত ছিলেন।
খাজার এই দাবির বিরোধিতা করেছেন হিক। জার্মান সাময়িকী ডের স্পিগেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খাজার এই ইঙ্গিত আমার কাছে সম্পূর্ণ মিথ্যা।’ কোচিং স্টাফকে জড়িয়ে যেসব বক্তব্য এসেছে, তা তাঁকে হতাশ করেছে বলেও জানান তিনি।
হিকের দাবি, পোর্ট এলিজাবেথ কিংবা কেপটাউনে বল বিকৃতি নিয়ে কোনো আলোচনা তাঁর জানা ছিল না। তিনি বলেন, ‘আমি সত্যি করে বলতে পারি, এ বিষয়ে কিছুই শুনিনি বা জানতাম না। কেপটাউনের বড় পর্দায় ঘটনাটি দেখানোর সময়ই প্রথম বিষয়টি জানতে পারি। তখন আমি বাইরের বারান্দায় বসে ছিলাম।’
খাজার বইয়ে আরও দাবি করা হয়েছে, কেপটাউন টেস্টের এক বিরতিতে কোচিং স্টাফের একজন সদস্য ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারে উৎসাহিত করেছিলেন। তবে ওই কোচের নাম প্রকাশ করেননি তিনি। তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যান এবং ব্যাটিং কোচ হিক, দুজনই এমন ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
হিকের নিয়োগ নিয়ে ওয়ার্নারের প্রশ্ন
খাজার বক্তব্যের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তাঁর দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার। একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আট বছর এ বিষয়ে নীরব থাকার পর এবার খাজার পাশে দাঁড়াচ্ছেন। খাজা যা বলেছেন, তা শতভাগ সঠিক বলেও মন্তব্য করেছিলেন ওয়ার্নার।
তবে হিকের সাম্প্রতিক বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও সরাসরি আক্রমণ করেছেন সাবেক এই অস্ট্রেলীয় ওপেনার। হিকের নিয়োগের পেছনের কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসের একটি পোস্টের জবাবে ওয়ার্নার লেখেন, ‘চলুন তথ্যগুলো স্পষ্ট করি। গ্রায়েম হিককে নিয়োগ দেওয়া হয়েছিল শুধু এ কারণে যে, মাইকেল ডি ভেনুটোকে তাঁর প্রাপ্য পারিশ্রমিক দিতে ক্রিকেট অস্ট্রেলিয়া রাজি ছিল না।’
ওয়ার্নারের দাবি, খেলোয়াড়েরা ডি ভেনুটোকে এতটাই মূল্যায়ন করতেন যে তাঁকে দলে ধরে রাখতে নিজেদের বেতন থেকে অর্থ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের সময় এ নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি।
ওয়ার্নার আরও লেখেন, ‘বিষয়টি থেকেই বোঝা যায়, আমড়া তাঁকে কতটা সম্মান করতাম এবং দলের সঙ্গে রাখতে কতটা আগ্রহী ছিলাম। গ্রায়েম কেন কথা বলছেন, সেটির পেছনেও এটি একটি কারণ।’
ওয়ার্নারের এই বক্তব্যের বিষয়ে হিকের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি।
আট বছর আগের ঘটনায় কী ঘটেছিল
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডস টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের পৃষ্ঠ ঘষে বিকৃত করার ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতির কাজে সরাসরি অংশ নেওয়া ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয় নয় মাসের জন্য। তিনজনই শাস্তি মেনে নেন এবং পরে টেস্ট ক্রিকেটে ফেরেন।
ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড তদন্তের ফল জানিয়ে বলেছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। অন্য কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ এ বিষয়ে জানতেন না। তাঁর বক্তব্য অনুযায়ী, তৎকালীন কোচ ড্যারেন লেহম্যানও আগে থেকে বিষয়টি জানতেন না। লেহম্যান পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরও তিনি ভুল বলে উল্লেখ করেছিলেন।
২০২১ সালে ব্যানক্রফট দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, নিজের কাজ ও ভূমিকার দায় নিতে চেয়েছিলেন তিনি। বল বিকৃতির ঘটনায় বোলাররা উপকৃত হয়েছিলেন, সেটিও স্বীকার করেন।
একই বছর অস্ট্রেলিয়ার চার বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানান, মাঠে বল বিকৃতির জন্য বাইরে থেকে কোনো বস্তু আনা হয়েছে, তা তাঁরা জানতেন না। নিউল্যান্ডসের বড় পর্দায় ঘটনা দেখানোর আগে এ বিষয়ে কিছুই জানতেন না বলেও দাবি করেন তাঁরা। পাশাপাশি গুজব ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য বন্ধ করার আহ্বান জানান।
নতুন তদন্তের দাবি, রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া
খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সে পথে হাঁটতে চায় না। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, তদন্ত আবার শুরু করার বা বিষয়টি নতুন করে পর্যালোচনার কোনো জোরালো কারণ তাঁরা দেখছেন না।
এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আগের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট। তাঁর মতে, পুরোনো ঘটনা আবার সামনে এনে নতুন করে কিছু পাওয়ার সুযোগ নেই। বোর্ডের অবস্থানও এ বিষয়ে পরিষ্কার।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন, ২০২১ সালে বোলারদের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের অবস্থান থেকে তিনি সরে আসেননি। তাঁর স্মৃতিও বদলায়নি বলে মন্তব্য করেন তিনি।
এবার মুখ খুলতে পারেন কামিন্স
বিতর্কের মধ্যে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও নিজের অবস্থান জানানোর প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, শুক্রবারের ঘটনা নিয়ে যেকোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত। খাজার অভিযোগগুলোর পুরো বিষয় ও পরিধি বোঝার জন্য সময় নিয়েছেন, যাতে যথাযথভাবে জবাব দিতে পারেন।
এদিকে সাবেক কোচ ড্যারেন লেহম্যানও খাজার বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন। তাঁর মতে, বল বিকৃতির বিষয়টি ক্রিকেটে দীর্ঘদিনের হলেও কে কীভাবে তা করছে এবং কারা কতটা জানে, সেটি প্রতিটি ঘটনার ক্ষেত্রে আলাদা। তাই দলের সবাই আগে থেকে জানতেন, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন তিনি।
কেপটাউন টেস্টের আট বছর পরও স্যান্ডপেপারগেট নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে মতবিরোধ কাটেনি। খাজার নতুন দাবি, সাবেক কোচদের অস্বীকার, ওয়ার্নারের সমর্থন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অনীহা, সব মিলিয়ে পুরোনো কেলেঙ্কারি আবারও আলোচনার কেন্দ্রে।