প্রায় দুই বছর পর নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী সানজিদা প্রীতি। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে জেরিন খান চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রবাস থেকে দেশে ফিরে ছোট বোনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং প্রতিশোধের মিশনে নামবে তাঁর চরিত্র। ধারাবাহিকটির অষ্টম পর্ব থেকে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।
মঞ্চ, টেলিভিশন, ওটিটি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। তবে সাম্প্রতিক সময়ে ভিজ্যুয়াল মাধ্যমে তাঁকে আগের মতো নিয়মিত দেখা যায়নি। মঞ্চে অবশ্য নিয়মিত অভিনয় করছেন তিনি। সর্বশেষ প্রায় দুই বছর আগে দীপ্ত টিভির ‘ফুলবাহার’ ধারাবাহিকে কাজ করেছিলেন প্রীতি। দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন নতুন চরিত্র নিয়ে।
‘প্রথম প্রেমের গল্প’-এ জেরিন খান ফারিন খানের বড় বোন। বিদেশে থাকেন তিনি। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আসেন। এরপর বোনের হত্যার রহস্য বের করা এবং প্রতিশোধ নেওয়াই হয়ে ওঠে তাঁর লক্ষ্য। এই মিশনে জেরিনের মুখোমুখি হতে হবে নিলয় আলমগীরের চরিত্রকে। শতাব্দী ওয়াদুদের সঙ্গেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে হবে তাঁকে।
চরিত্রটির জন্য সানজিদা প্রীতিকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন পরিচালক তানভীর তন্ময়। তিনি জানান, জেরিন শক্তিশালী একটি চরিত্র। নিলয় আলমগীরের বিপরীতে তাঁর লড়াই এবং শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতার সঙ্গে অভিনয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত শিল্পী খুঁজছিলেন তিনি। পরে শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলোচনা করে প্রীতিকে প্রস্তাব দেওয়া হয়।
নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে প্রীতিকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। অভিনেত্রী চরিত্রটির সঙ্গে সাবলীলভাবে মিশে গেছেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো বলে জানিয়েছেন তানভীর তন্ময়।
দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে অভিনয় নিয়ে উচ্ছ্বসিত সানজিদা প্রীতি। তিনি বলেন, প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিকে যুক্ত হয়েছেন। পরিচালকসহ পুরো দলের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। চরিত্রটিও আগে করা চরিত্রগুলোর তুলনায় আলাদা। সব মিলিয়ে কাজটি উপভোগ করছেন তিনি।
‘প্রথম প্রেমের গল্প’-এ আরও অভিনয় করছেন নিলয় আলমগির, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ ও ফারিন খানসহ অনেকে।
করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। গত অক্টোবর থেকে এনএএফ নামের ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব প্রকাশ করা হচ্ছে।
তবে প্রচারের পর থেকেই ধারাবাহিকটির গল্প নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। নির্মাতা তানভীর তন্ময় অভিযোগটি স্বীকার করে জানিয়েছেন, বিদেশি একটি সিরিয়ালের গল্প থেকে ধারাবাহিকটির নির্মাণ শুরু হয়েছিল। তবে সামনের পর্বগুলোতে দর্শকেরা মৌলিক গল্প দেখতে পাবেন।