ঈদের সিনেমায় সিয়াম-তুষির নতুন জুটি, শঙ্খর ‘আবার দেখা হলে’তে তারকার মেলা

ডেস্ক রিপোর্ট
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৬, ০২:১৮ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:১৮ পিএম
ঈদের সিনেমায় সিয়াম-তুষির নতুন জুটি, শঙ্খর ‘আবার দেখা হলে’তে তারকার মেলা
ছবি: সংগ্রহীত

‘প্রিয় মালতী’র পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। তাঁর নতুন ছবি ‘আবার দেখা হলে’তে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাঁদের সঙ্গে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীসহ একঝাঁক পরিচিত মুখ। মধ্যবিত্ত পরিবারের আবেগ, সম্পর্ক ও জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রেজওয়ান পারভেজ। সিয়াম ও তুষির প্রথমবারের মতো পর্দায় জুটি হওয়া ছবিটির অন্যতম আকর্ষণ। ‘আবার দেখা হলে’ প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সিঙ্গার ও বেকো সিনেমাটির উপস্থাপনায় রয়েছে। সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, এমআইবি স্টুডিওসের সঙ্গে।
শঙ্খ দাশগুপ্ত বলেন, সিনেমাটির গল্প মধ্যবিত্ত শ্রেণির জীবনকে ঘিরে। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা রয়েছে। তবে গল্পটি শুধু গম্ভীর আবহে এগোবে না, মূল আবেগের পাশাপাশি থাকবে হাস্যরসও। দর্শকের পছন্দের অভিনয়শিল্পীদের উপস্থিতি এবং তাঁদের অভিনয়ও সিনেমাটির বড় শক্তি বলে মনে করেন পরিচালক।
গল্পের ভাবনা সম্পর্কে শঙ্খ বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে, যদি কেউ নিজের কথা চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যেসব অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’
পরিচালকের ভাষ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে বসে সব বয়সী দর্শকের উপভোগ করার মতো একটি ড্রামা ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘আবার দেখা হলে’। গল্পে ফেলে আসা সময় ও নিজের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার বিষয়গুলো ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা হবে।
সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, চরকি নানা ধরনের অনুভূতি ও অভিজ্ঞতার গল্পকে গুরুত্ব দেয়। ‘আবার দেখা হলে’ পরিবার ও নিজেকে নতুন করে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকেরা পরিবার নিয়ে আবেগঘন কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন বলে তাঁর প্রত্যাশা।
‘আবার দেখা হলে’র চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সিনেমাটির আবহসংগীত ও গানও গল্পের আবেগ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নির্মাতা।
শঙ্খ দাশগুপ্ত এর আগে ওয়েব সিরিজ ‘বলি’ নির্মাণ করে আলোচনায় আসেন। ২০২৪ সালের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ দিয়ে বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। মেহজাবীন চৌধুরী অভিনীত ছবিটি দেশে-বিদেশে প্রশংসিত হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়। এরপর চরকিতে মুক্তি পাওয়া তাঁর ‘চা গরম’ সিনেমাটিও দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। এবার বড় পর্দায় নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে