ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

ডেস্ক রিপোর্ট
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম
ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট
ছবি: FNS

ইরানে নূতন করে হামলা না করার জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ গাডি আইজেনকট।

আজ বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ১১ নভেম্বর পাঠানো এক চিঠিতে আইজেনকট নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে যুক্তি দেন যে রাজনৈতিক পালাবদলের এই সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত ইসরায়েলি গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ন করতে পারে।

চিঠিতে আইজেনকট বলেন, ‘সংযম ও সতর্কতা দেখান এবং নেসেটের আস্থাভাজন নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অপেক্ষা করা যায় এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকুন।’

তিনি সতর্ক করে বলেন, জরুরি পদক্ষেপের প্রয়োজন এমন সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করলে ভয়াবহ পরিণতি হতে পারে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশের পর এই সতর্কবার্তা এল।

চ্যানেল টুয়েলভ জানায়, জামির অনির্দিষ্ট সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন এবং এর আগে গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের পূর্বেও একই ধরনের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, কারণ সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল যে উত্তেজনা বাড়লে ভোটগ্রহণ ব্যাহত হতে পারে।

আইজেনকটের চিঠিতে স্পষ্টভাবে ইরানের নাম উল্লেখ না থাকলেও এর সময়কাল কথিত এই বিরোধের বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

আইজেনকট নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নিরাপত্তা ব্রিফিংয়ের ব্যবস্থা না করার অভিযোগও এনেছেন এবং নিয়মিত গোয়েন্দা মূল্যায়ন ও নিরাপত্তা তথ্য পাওয়ার সুযোগ চেয়ে অ্যাটর্নি-জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে নেতানিয়াহুর শিবির এই সমালোচনা প্রত্যাখ্যান করে আইজেনকটের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে রাজনীতিকরণের অভিযোগ এনেছে এবং যুক্তি দিয়েছে যে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিতর্ক হওয়া উচিত নয়।

ইসরায়েলের সাবেক সামরিক জেনারেল এবং মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকট চার দশকেরও বেশি সময় আইডিএফ-এ দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চিফ অব দ্য জেনারেল স্টাফ ছিলেন। ২০২২ সালে রাজনীতিতে প্রবেশের পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জেরে তিনি নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে যোগ দিলেও যুদ্ধ-পরবর্তী কৌশলের সমালোচনা করে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর ছিয়াচল্লিশ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন দিলেও সাতষট্টি জন আইনপ্রণেতা আইজেনকটকে সুপারিশ করায় প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

শাসক জোট গঠনের জন্য আইজেনকট আটাশ দিন সময় পেয়েছেন, যা আরও চৌদ্দ দিন বাড়ানো হতে পারে। তবে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন এবং সামরিক বাহিনীর ওপর তাঁর কর্তৃত্ব বজায় রয়েছে, যা এই সংবেদনশীল রূপান্তরের সময় নির্বাহী নিরাপত্তা ক্ষমতা ও রাজনৈতিক জবাবদিহিতার মধ্যকার টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে।

আপনার জেলার সংবাদ পড়তে