শেরপুর সরকারি কলেজে স্মার্টফোন নিয়ে আসার নিষেধাজ্ঞা অমান্য করায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শতাধিক স্মার্টফোন জব্দ করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে এসব ফোন জব্দ করা হয়। পরে কলেজ ছাত্রদল দায়িত্ব নিয়ে সুপারিশ করায় শিক্ষার্থীদের জব্দ করা ফোনগুলো ফেরত দেওয়া হয়।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, শুরু থেকেই শেরপুর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজে স্মার্টফোন নিয়ে আসা নিষিদ্ধ। শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু শিক্ষার্থী কলেজে স্মার্টফোন নিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে শতাধিক স্মার্টফোন জব্দ করা হয়। জব্দের পর কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের ফোন ফেরত দেওয়ার বিষয়ে দায়িত্ব নিয়ে কলেজ প্রশাসনের কাছে সুপারিশ করে। পরে ছাত্রদলের সুপারিশের পরিপ্রেক্ষিতে জব্দ করা ফোনগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যেন কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে ব্যাপারেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলমান রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠদানে মনোযোগ বৃদ্ধি ও কলেজের শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার পাশাপাশি স্মার্টফোন নিষিদ্ধের নির্দেশনা বাস্তবায়নেও তৎপর রয়েছে কলেজ প্রশাসন।