বোরো ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দস্তর আলী (৬৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরীপুর গ্রামে নিজ বাড়ির পশ্চিম পাশে বীজতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দস্তর আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে তার টেনে বীজতলার কাদাপানিতে বিদ্যুৎ সংযোগ দেন। ইঁদুর নিধনের উদ্দেশে এ ব্যবস্থা করেন তিনি।পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে বীজতলার অবস্থা দেখতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে দীর্ঘ সময় পার হলেও দস্তর আলী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর ছেলে কামরুল ইসলাম বীজতলার পাশে বাবাকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করেন।