সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলার উদ্যোগে সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৬(২) অনুযায়ী এ জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন। এ সময় পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে পর্যায়ক্রমে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।