একজন দায়িত্ব বুঝিয়ে দিলেন, অন্যজন হাসিমুখে গ্রহণ করলেন। কারও চোখে বিদায়ের বিষাদ, কারও মুখে নতুন দায়িত্বের প্রত্যয়। হাসি আর আবেগের মিশেলে তৈরি হলো এক অন্যরকম পরিবেশ। নীলফামারী জেলা পুলিশের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সেই মুহূর্ত যেন হয়ে উঠল স্মরণীয় এক দৃশ্য। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন সম্প্রতি বদলিজনিত কারণে কর্মস্থল ত্যাগ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নীলফামারী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. মেনহাজুল আলম (পিপিএম)।
১০ নভেম্বর বিদায়ি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় দুজনের মধ্যে ছিল আন্তরিকতা, সৌহার্দ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রকাশ।
দায়িত্ব হস্তান্তরের মুহূর্তটি ছিল বেশ আবেগঘন। একদিকে দীর্ঘদিনের কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যাওয়ার বেদনা, অন্যদিকে নতুন কর্মস্থলে নতুন দায়িত্ব গ্রহণের আনন্দ। বিদায়ি পুলিশ সুপারের মুখে ছিল হাসি, সঙ্গে দায়িত্ব পালনের স্মৃতিমাখা আবেগ। আর নবাগত পুলিশ সুপারের মুখে ছিল হাসিমাখা অভ্যর্থনা ও নতুন দায়িত্ব পালনের প্রত্যয়।
প্রশাসনিক নিয়মে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কখনোই কখনোই আনুষ্ঠানিকতার বাইরেও কিছু মুহূর্ত মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। নীলফামারী জেলা পুলিশের এই দায়িত্ব হস্তান্তরের দৃশ্যটিও তেমনই এক মুহূর্ত। যেখানে একজনের বিদায়ের বিষাদ আর অন্যজনের আগমনের আনন্দ মিলেমিশে তৈরি করেছে এক সুন্দর পরিবেশ।
একজনের পথচলা শেষ হল, অন্যজনের পথচলা শুরু। সময়ের পরিক্রমায় দায়িত্বের চেয়ার বদলালেও মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও কর্মের স্মৃতি থেকে যায়। বিদায়ি পুলিশ সুপারের আগামী দিনের পথচলা শুভ হোক, আর নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে নীলফামারী জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠুক এমন প্রত্যাশা জেলাবাসীর।