নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থী

এফএনএস; ঢাকা:
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৬, ০১:৫৩ পিএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থী
ছবি: FNS

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ শিক্ষার্থী হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৪ জন। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। পরে ভবনের বিভিন্ন কক্ষে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয় শিক্ষার্থীরা।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন থেকে তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, আগুনে কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালিতে সমস্যা হয়েছে। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. রবিউল করিম খান জানান, মাদ্রাসা থেকে মোট ৭৭ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ৬৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকি ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আগুনে মাদ্রাসার লাইব্রেরির বইপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।

আপনার জেলার সংবাদ পড়তে