কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে জামায়াত-শিবিরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তি মাঠে থাকায় তাদের প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে, ছাত্রদলের নেতাকর্মীরা সারা রাত রাজপথে পাহারা দিয়েছেন এবং মঙ্গলবারও দিনভর মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে রাজপথে পাওয়া যাবে না, তা সবাই দেখতে পেয়েছেন বলে তিনি মনে করেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও মাঠে ছিল। এজন্য সংগঠনটি ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত-শিবিরের সমালোচনার পাশাপাশি গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদেরও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তাঁর ভাষায়, ‘জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।’
ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থি শক্তি নীরব থাকতে পারে না। এ কারণে সারা রাত ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তাঁরা।
পোস্টে রাশেদ খাঁন জানান, মঙ্গলবারও সারা দিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।