বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ২ মিনিটে ত্রুটি সারানোর পর লেনদেন স্বাভাবিক হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস লেনদেন বন্ধ থাকার কথা জানায়। সিবিএসের কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল। পরে সমস্যার সমাধান করে লেনদেন আবার চালু করা হয়।
তবে ঠিক কতক্ষণ আরটিজিএস লেনদেন বন্ধ ছিল, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিছু জানায়নি।
আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে সরাসরি টাকা পাঠাতে পারেন। এই ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়।
সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরে আরটিজিএস ব্যবহার করা হয়। ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজে এ ব্যবস্থা ব্যবহৃত হয়। বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত ১ লাখ টাকা।