সৈয়দপুরে ছিনতাইকারীর কারণে যাত্রীর মৃত্যু স্টেশনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম
সৈয়দপুরে ছিনতাইকারীর কারণে যাত্রীর মৃত্যু স্টেশনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তুরে প্রায় তিনশো গজ দুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ছিলেন দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা এবং প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, আব্দুর রাজ্জাক তার ছেলেকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। ভোরে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় ওই যাত্রী পান খাওয়ার জন্য ট্রেন থেকে নেমে পড়লে বেশ কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নিয়ে পলাতে থাকে। মোবাইল ফিরে পেতে তিনি ছিনতাইকারীর পিছনে ছুটেন। এ অবস্থায় প্লাটফর্ম থেকে প্রায় তিনশো গজ দুরে চলে যান। ততোক্ষণে ট্রেনটি ছেড়ে দেয়। সেখানে লাইন পরিবর্তনের সময় ট্রেনের ধাক্কা লাগলে তিনি অন্য লাইনে পড়ে যান।
এ খবরটি প্লাটফর্মে থাকা স্থানীয় লোকজন পেলে তারা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান,আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তবে কারণ জানতে চাইলে এটিকে ট্রেন দুর্ঘটনা বলে উল্লেখ করা হলেও স্টেশন চত্বরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়।
একজন শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুর পেছনে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ থাকায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে ছিনতাইয়ের ঘটনা কীভাবে ঘটল, সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী, রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ, ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে