ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা মো. জসীম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম মোহাম্মদ জসীম উদ্দীন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
এদিকে, মোহাম্মদ জসীম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক ও মুক্তাগাছা আসনের এমপি জাকির হোসেন বাবলু এমপি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং মহানগর বিএনপি আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।