রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়ির দরজার সামনে বসে মুঠোফোনে কথা বলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ও ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লেগেছে। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
অরুণা চাকমা শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী ইন্টন চাকমা। ঘটনার সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। ঘরের ভেতরে নেটওয়ার্ক না পাওয়ায় দরজার সামনে বের হয়েছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। অন্ধকার থাকায় হামলাকারীদের চিনতে পারেননি তিনি।
গুলির শব্দ ও অরুণার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়া হয়। সেখানে সেনাবাহিনীর মেডিক্যাল কর্মকর্তারা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের দুটি স্থানে গুলির আঘাত রয়েছে। চিকিৎসা দেওয়ার পর তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহত অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীতপন্থি) রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে কারাগারে রয়েছেন। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে কৃষিশ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন অরুণা। তাঁদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স ১১ বছর, ছোট মেয়ের সাড়ে তিন বছর। ঘটনার সময় দুই সন্তানই ঘুমিয়ে ছিল।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা জানান, ঘটনাস্থলটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। কারা ওই নারীকে গুলি করেছে, তা এখনও জানা যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, একই এলাকায় এর আগে গত ৯ মে ভোরে দুর্বৃত্তদের গুলিতে কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নিহত হন। তিনি ইউপিডিএফের (প্রসীতপন্থি) একজন কালেক্টর ছিলেন।