হাতিয়ায় কালীপূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম
হাতিয়ায় কালীপূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ছবি: FNS

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের দাসপাড়া গ্রামে কালীপূজার বৈদ্যুতিক আলোকসজ্জার ঝিলিক বাতি মুখে কামড় দিয়ে ছিঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিগন্ত দাস (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত দিগন্ত দাস ওই এলাকার দুর্লভ দাসের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ওই পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় কালীপূজা উপলক্ষ্যে বৈদ্যুতিক ঝিলিক বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছিল। শিশু দিগন্ত দাস অন্যান্য শিশুদের সাথে ওই এলাকায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে অসাবধানতাবশত ঝুলন্ত আলোকসজ্জার বৈদ্যুতিক ছোট ঝিলিক বাতি মুখে কামড় দিয়ে ছিঁড়ার চেষ্টা করে। এতে মুহূর্তেই সে তীব্র বৈদ্যুতিক শকের স্বীকার হয়ে গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবার ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছোট এই শিশুটির এমন অকালমৃত্যুতে পরিবারে চলছে মাতম। একমাত্র সন্তান বা প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে