পটুয়াখালীর কলাপাড়ায় মাদক (ইয়াবা) সেবনের জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহননের পথ বেছে নিলেন ২৬ বছর বয়সী খাইরুল ইসলাম। হতভাগা খাইরুলের স্ত্রীসহ দেড় বছর বয়স এক কন্যা সন্তান রয়েছে। গতকাল, রবিবার (৮ নভেম্বর) বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ওই গ্রামের কৃষক আলমগির হাওলাদারের ছেলে।
আলমগির হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করত-এমনকি বাবা-মাকে পর্যন্ত মারধর করত। পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী গত এক মাস ধরে তার বাবার বাড়িতে সন্তানসহ অবস্থান করছেন।
তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন। বিভিন্ন সময় গালাগাল করত। সবশেষ শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চায় খাইরুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয় খাইরুল। রাতের খাবার না খেয়ে ঘুমাতে যায়। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।
রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেয়। বিকেলে ফিরে এসে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে ঘরের রুয়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে খাইরুল আত্মহত্যা করেছে। এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।