ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার কান্দিপাড়ার সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দক্ষিণ গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলার ৮টি ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিএনপি কার্যালয় সামনে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।