ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক ও একজন সফল রাষ্ট্রনায়ক।
জিয়াউর রহমান সব সময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ও নেতৃত্ব ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য মনেপ্রাণে ধারণ করে সবাইকে রাজনীতি করতে হবে।’ রোববার (৮ নভেম্বর) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং বিকেলে গফরগাঁও উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠন আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানকে সামনে রেখেই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল। তার প্রদর্শিত আদর্শ ও রেখে যাওয়া পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
এমপি বাচ্চু আরও বলেন, ‘রাস্তাঘাটসহ গফরগাঁও- দক্ষিণ গফরগাঁও উপজেলা কোথায় কী ধরনের উন্নয়ন কাজ প্রয়োজন আমাকে বলেন, তালিকা দিন। আপনাদের প্রতিনিধি হিসেবে সেই তালিকা অনুযায়ী রাস্তাঘাটসহ প্রতিটি উন্নয়নকাজ শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে আমাকে ভালো কাজে সহযোগিতা করুন। এ সময় এমপির সহধর্মিণী ও কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামীমা সুলতানা, অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কান্দিপাড়া ও পৌর এলাকায় পৃথকভাবে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এসময় দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে শোভাযাত্রা অংশগ্রহণ করেন।