৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৮ নভেম্বর রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার প্রদান করা হয়।
"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সেইসাথে জাতীয় সংগীত ও সমবায় সংগীত পরিবেশিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন পাপন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক সভায় বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মণি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিএনপি নেতা আজগর হোসেন খান, সমবায়ী সংগঠক মোহাম্মদ তাজউদ্দীন, কাপাসিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক নূরুল আমিন সিকদার, সমবায়ী ইলিয়াস হোসেন সরকার প্রমুখ।
পরে ১০ জন শ্রেষ্ঠ ও সফল সমবায় সমিতির উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ।