“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান (টকি), উপজেলা সহকারী সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমবায় সমিতির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।