ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে লালপুর ইউনিয়ন বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের করা হয়।
লালপুর হলমোড় চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি লালপুর হাসপাতাল থানা মোড় হয়ে
মাধবপুর, মঞ্জিল পুকুর, বিশ্বম্ভরপুর, মমিনপুর, রামকৃষ্ণপুর, বালিতিতা, ইসলামপুর, রামানন্দপুর, জোতদৈবকী, বুধপাড়া, বুধিরামপুর, দেবরপাড়া, লালপুর কলেজ মোড়, উত্তর লালপুর ও দক্ষিণ লালপুর এলাকা ঘুরে পুনরায় লালপুর হলমোড় চত্বরে এসে শেষ হয়।
দুই শতাধিক মোটরসাইকেলের বহরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রবিউল ইসলাম রবি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। তিনি দিবসটির চেতনায় জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাটোর-১ (লালপুর - বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।