চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, বিএনপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, আশরাফুল হক, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক ছাত্রদল সাজ্জাদ হোসেন ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তারা জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।