লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ পিএম
লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
ছবি: FNS

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, বিশেষ প্রার্থনা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। তবে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য বিনা টিকিটে গ্রিনভ্যালী পার্কে প্রবেশ ও বিনোদনের সুযোগ।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন। বক্তব্য দেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রসিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। বাদ জোহর উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দিবসটির আনন্দ শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে লালপুরের গ্রিনভ্যালী পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। শিশুদের বিনা টিকিটে পার্কে প্রবেশ ও বিনোদনের সুযোগ দেওয়া হয়। ফলে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি শিশুদের জন্যও ছিল আনন্দঘন আয়োজন। বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ,  শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে