পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নাবিলা নুসরাত নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পরে (৬ টার দিকে) দুর্ঘটনাটি ঘটে। পর্যটক নাবিলা নুসরাত কুয়াকাটা থেকে মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে থ্রি হুইলার উল্টে মারা গেছেন। নিহত নাবিলা নুসরাত (৩২) পেশায় চিকিৎসক। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার সফরসঙ্গী অপর চিকিৎসক মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন। তবে তিনি নিজেকে নিহত নারী চিকিৎসকের স্বামী পরিচয় দিয়েছেন।
চিকিৎসক মাঈনুল নির্বাক হয়ে গেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। তারা ওশান ভিউ হোটেলে রাত্রি যাপন করেন। পরে আজ বিকেলে একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির পরিদর্শনের বের হন। পথিমধ্যে মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল তাদের বহন করা ভ্যানটির চাকার নিচে পড়লে মূহুর্তে ভ্যানটি উল্টে যায়। এসময় আরও দুই পর্যটকসহ তিনি ছিটকে পড়েন।
এসময় তার স্ত্রী ডাঃ নাবিলা নুসরাতের মাথা ভ্যানের চাকার নিচে চাঁপা পড়ে গুরুরতর জখম হন। রক্তাক্ত এবং শঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইনুল ইসলাম শুভ জানান, নাবিলা ৪২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তরত ছিলেন। এছাড়া তিনিও ঢাকা পিজি হাসপাতালে কর্মরত রয়েছেন। তবে এ ঘটনায় মাইনুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছেন। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে আমড়া হাসপাতালে এসেছি। নিহতের সফরসঙ্গী স্বামী পরিচয় দিয়েছেন। আমড়া বিষয়টি খতিয়ে দেখছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।