যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে উদ্যাপিত হয়েছে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'। আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি জাতীয় জীবনে ঐক্য, সংহতি, সম্প্রীতি ও দেশপ্রেমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন, চাঁদপুর ও চাঁদপুর পৌরসভার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে।
দিনের শেষ পর্বে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ' শীর্ষক মূল ভাবনায় সাজানো এ আয়োজনে দেশপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং দিবসটির চেতনা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় দর্শকদের মাঝে। একই অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে দিবসটি উদযাপনের মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।