রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দেশকে হানাদারমুক্ত করতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভূমিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তাঁকে অতীতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর সর্বোচ্চ অবদান ছিল। তাঁকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রসিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দিবসটি উপলক্ষ্যে শনিবার বিকেল ৪টায় নগরীর বাটার মোড়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।