এনামুল হক এম.পি

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেন

নওগাঁর ধামইরহাটে রাস্তা উদ্বোধন কালে নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, ‘ধামইরহাট-পত্নীতলায় আর কোন চাঁদাবাজি চলবেনা, জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন কাজ হয়। কারও ব্যাক্তির টাকায় নয়। রাস্তার উন্নয়ন কাজে ঠিকাদারের নিকট কেউ চাঁদা চাইলে তাকে বেঁধে রাখবেন।’

গতকাল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার গাংরা থেকে গাংরা মাদরাসা পর্যন্ত ১ হাজার ২৮০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে উদ্বোধনী পয়েন্ট চানকুড়ি বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি এনামুল হক এসব কথা বলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি-নৈতিকতার বিষয় তুলে ধরে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনকালে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর ধামইরহাট উপজেলা শাখার আমির মাওলানা হাফেজ রেজুয়ান হোসেন, নায়েবে আমির মাওলানা  মো. আতাউর রহমান, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দিন, সাবেক ধামইরহাট পৌরসভার কাউন্সিলর রেজুয়ান হোসেন রঞ্জু। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব বিভাগের সেক্রেটারি সোহেল রানা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুর নবি খান, ধামইরহাট থানার এস.আই সামির উদ্দিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি নাজমুল ইসলাম, সাবেক সহ অধ্যাপক আবুল কাশেম, ইউপি মেম্বার আব্দুল কাদের প্রমূখ। উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিনারুজ্জামান জানান, সরকারি রাস্তা উন্নয়ন তহবিল হতে ১ কোটি ৫৫ লক্ষ্য ৪৫ হাজার টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তানজিমুল ইসলাম ১ হাজার ২৮০ মিটার রাস্তা কার্পেটিং কাজ সম্পন্ন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে