ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন যোগাযোগ চালু হতে যাচ্ছে। নতুন ট্রেন দুটির নাম দেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতি এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। রেলপথ মন্ত্রণালয় গৎ ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তব অনুমোদন করেছে।
অনুমোদিত সূচি অনুযায়ী,৮০৮ নম্বর পাবনা প্রভাতি এক্সপ্রেস সকাল আটটায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌঁছবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর পাবনা গোধূলি এক্সপ্রেস বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি পাবনায় পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে। দুই ট্রেনই যাওয়া-আসার পথে দাশুরিয়া,ঈশ্বরদী,চাটমোহর,বড়ালব্রিজ,উল্লাপাড়া, শহীদ মনসুর আলী,টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতু,রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে ট্রেন দুটির চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে বলছে,বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী,নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করা হচ্ছে। নতুন এই ট্রেন চালুর ফলে পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে এই রুটের যাত্রীদের যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে।