চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম
চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবসের আলোচনা সভা

জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, সঠিক ইতিহাস জনগণের মাঝে তুলে ধরতে হবে; কারণ ইতিহাসের অনেক দিক বিকৃত হলেও গুগল কখনোই ইতিহাস বিকৃত করতে পারে না। শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আবু তাহেরের নেতৃত্ব এবং সিপাহী-জনতার ঐতিহাসিক ভূমিকা না থাকলে আজকের এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ এবং এই জাতীয়তাবাদী দল বাংলাদেশ গঠিত হত না। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমেই জিয়াউর রহমানের মতো একজন উদারপন্থি, গণতন্ত্রকামী ও জনপ্রিয় নেতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশ পেয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব। জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, মজিবুর রহমান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। সভায় প্রধান অতিথি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে। বর্তমান প্রেক্ষাপটেও জাতীয় স্বার্থ ও দেশের উন্নয়নের প্রশ্নে সবাইকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সন্ধ্যায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি'র আয়োজনে শিল্পকলা একাডেমিতে  সাংস্কৃতিক অনুষ্ঠান 'প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ' অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে