চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শুরু হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলাপ্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, “চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো আমি নিয়মিত পড়ি। অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকার সংবাদ হুবহু একই রকম হয়ে থাকে। এক্ষেত্রে প্রতিটি পত্রিকার নিজস্বতা বজায় রাখা জরুরি। সংবাদের গুরুত্ব বুঝে তা প্রচার ও প্রকাশ করতে হবে এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।”
সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “সমাজকে সচেতন করতে সাংবাদিকরা যেসব বিষয় তুলে ধরেন, তা নিজেদের ব্যক্তিজীবনেও মেনে চলতে হবে। আজকের যুগোপযোগী এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত কর্মক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” পাশাপাশি, অন্যান্য সংবাদের পাশাপাশি চাঁদপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন দিক গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
প্রশিক্ষণের বিভিন্ন দিক ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। অনুষ্ঠানে কর্মশালার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।